দক্ষিণ এশিয়া

১২৫ বছর বয়সে পদ্মশ্রী পেলেন স্বামী শিবানন্দ

নয়াদিল্লী, ২৩ মার্চ – রাষ্ট্রপতি ভবনের দরবার হলে খালি পায়ে সোজা হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। হাঁটু মুড়ে নমস্কার করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। তিনি স্বামী শিবানন্দ, ১২৫ বছরে পা রেখেছেন সম্প্রতি। যোগ ব‌্যায়ামে অবদান রাখায় সোমবার (২১ মার্চ) তাকে ভারতের সর্বোচ্চ সম্মানসূচক পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে সামনে থেকে প্রণাম করেন স্বামী শিবানন্দ। এসময় উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তখন প্রধানমন্ত্রী মোদিও সঙ্গে সঙ্গে মাটি স্পর্শ করে শ্রদ্ধা গ্রহণ করেন। মঞ্চে পৌঁছানোর আগে ‘যোগ গুরু’ আবার হাঁটু গেড়ে বসেন। রাষ্ট্রপতি এগিয়ে গিয়ে শিবানন্দকে উঠতে সাহায্য করেন। এরপর তিনি পুরস্কার ও প্রশংসাপত্র তুলে দেন যোগ গুরুর হাতে।

১৮৯৬ সালের ৮ আগস্ট অবিভক্ত ভারতের সিলেট জেলায় (বর্তমানে বাংলাদেশে) জন্মগ্রহণ করেন স্বামী শিবানন্দ। ছয় বছর বয়সে মা-বাবাকে হারান। পরে আশ্রয় মেলে পশ্চিমবঙ্গের নবদ্বীপে গুরুজীর আশ্রমে। গুরু ওমকারানন্দ গোস্বামী তাকে লালন-পালন করেন। সেখানেই যোগসহ সমস্ত ব্যবহারিক ও আধ্যাত্মিক শিক্ষা পান স্বামী শিবানন্দ।

স্বামী শিবানন্দ মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। যোগব্যায়াম, তেলমুক্ত সেদ্ধ খাবার এবং নিজস্ব উপায়ে মানবজাতির নিঃস্বার্থ সেবার সঙ্গে সুশৃঙ্খল-সুনিয়ন্ত্রিত জীবন যাপনের সহজ উপায় তাকে রোগ ও দুশ্চিন্তামুক্ত দীর্ঘতম জীবন দিয়েছে। তিনি প্রচারের পরিবর্তে নিজেকে একটি অনুকরণীয় পাঠ হিসাবে প্রদর্শন করেছেন।

গত ৫০ বছর ধরে স্বামী শিবানন্দ পুরীতে অন্তত ৬০০ জন কুষ্ঠ আক্রান্ত ভিক্ষুককে ব্যক্তিগতভাবে সেবা করেছেন। ওই ব্যক্তিদের কাছে তিনি ‘জীবন্ত ঈশ্বর’ হিসেবে খ‌্যাত।

স্বামী শিবানন্দ ১২৫ বছর বয়সে করোনার টিকা গ্রহণের পর দেশবাসীকেও টিকা নিতে অনুপ্রাণিত করেছেন। তিনি ২০১৯ সালে বেঙ্গালুরুতে যোগরত্ন পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language