ইউরোপ

কিয়েভ দখল রাশিয়ার জন্য ‘আত্মহত্যার’ শামিল!

কিয়েভ, ২২ মার্চ – রাশিয়ার এখন প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া। এমন দাবি করেই দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ বলেন, ‘কিন্তু তাদের এই চেষ্টা হবে আত্মহত্যার সামিল।’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, কিয়েভের দখল নিতে হলে রাশিয়ার সব ইউক্রেনীয়কে হত্যা করার পথে হাঁটতে হবে।

বিশাল সেনাবহর নিয়ে তৈরি থাকলেও এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের বাহ্যিক কোনো চেষ্টাই করেনি রাশিয়া।
মস্কো বারবার জানিয়ে আসছে ইউক্রেন দখলে নেওয়ার কোন ইচ্ছে রাশিয়ার নেই। তারা কেবল ইউক্রেনকে নিরপেক্ষ ও নিরস্ত্র রাষ্ট্রে পরিণত করতে চায়। আর ইউক্রেনের কোনোভাবেই ন্যাটোতে যোগ দেওয়া যাবে না।

এদিকে খারকিভ ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। তাই সেনা অভিযানের শুরুতেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এখনও খারকিভে ধারাবাহিকভাবে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলায় খারকিভের প্রায় এক হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এর অধিকাংশই আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রাশিয়ার সেনারা এখন অনবরত খারকিভে গোলাবর্ষণ করছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। এতে অন্তত ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/২২ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language