এবার বন্দরনগরী ওডেসার আবাসিক ভবনে গোলাবর্ষণ

কিয়েভ, ২১ মার্চ – ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসার উপকণ্ঠের কয়েকটি আবাসিক ভবনে রুশ নৌবাহিনীর ছোড়া গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেন।
এই প্রথম সেখানকার কোনো ভবনে এ ধরনের হামলা চালান হয়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।
রাজধানী কিয়াভ ও পূর্বাঞ্চলীয় খারকিভের পর বন্দর নগরী ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম নগরী। ‘পার্ল অব দ্য ব্ল্যাক সি’ নামে পরিচিত ওডেসা নগরীর আশপাশে যুদ্ধ চলছে।
কৃষ্ণ সাগরের উপকূলের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে পুতিনের কাছে ওডেসা দখল সবচেয়ে গুরুত্বপূর্ণ।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীকে ঘিরে রেখেছে রুশ নৌবাহিনী। ওডেসা দখলে নিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবদিকেই হামলা করছে রুশ বাহিনী।
কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের অবস্থিত সব ইউক্রেনীয় বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়। ইউক্রেনীয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পরই ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছিল।
এদিকে, রুশ আগ্রাসনের ২৬তম দিনে ইউক্রেনে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা।
অন্যদিকে, রাজধানী কিয়েভেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।
সূত্র: যুগান্তর
এম ইউ/২১ মার্চ ২০২২









