ইউরোপ

ইউক্রেনের পতাকা রঙের পোশাকে মহাকাশে রাশিয়ার তিন নভোচারী

মস্কো, ২০ মার্চ – ইউক্রেনের পতাকার রঙে পোশাক পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হাজির হয়েছেন ৩ রুশ নভোচারী।

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদস্বরূপ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নভোচারীরা। খবর বিবিসির।

ইউক্রেনে গত মাসে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী হিসেবে পৌঁছালেন এই ৩ রুশ। মহাকাশ স্টেশনে তাদের সাদরে অভ্যর্থনা জানান আমেরিকান, রুশ এবং জার্মান সহকর্মীরা। কাজাখস্তান থেকে যাত্রা করে তিন ঘণ্টা সময় লাগিয়ে মহাকাশ স্টেশনে পৌঁছান ৩ রুশ নভোচারী ডেনিস মাতভেইয়েভ, ওলেগ আরতেমিয়েভ এবং সের্গেই করসাকভ। সে সময় রুশ কন্ট্রোলার থেকে নভোচারীদের অভিনন্দন জানানো বার্তা শুনতে পাওয়া যায়।

এর কয়েক ঘণ্টা পর মহাকাশ স্টেশনে প্রবেশ করেন একে একে ৩ হাস্যোজ্জ্বল মুখ। তাদের পরনে থাকা স্পেসস্যুটের রং ইউক্রেনের পতাকার মতো গাঢ় হলুদ ও নীল। মহাকাশ স্টেশন থেকে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ওলেগ আরতেমিয়েভ বলেন, এটা আমাদের জন্য ছিল রং বেছে নেওয়ার পালা।

নাসা, আমেরিকান স্পেস এজেন্সি ও রুশ স্পেস এজেন্সি সরাসরি এই ঘটনাটি সম্প্রচার করেছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র: আরটিভি
এম ইউ/২০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language