৩০৪ কোটি টাকার চেক জালিয়াতি থেকে রক্ষা পেল সোনালী ব্যাংক

ঢাকা, ১০ মার্চ – ৩০৪ কোটি টাকার সাতটি চেক জালিয়াতি থেকে রক্ষা পেয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। দিলকুশা করপোরেট শাখার কর্মকর্তাদের বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সোনালী ব্যাংক লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার আজারুর রহমান ফারুক (৪৬) নামে একজন মৎস অধিদপ্তরের দারিদ্র বিমোচন সমন্বিত মৎস চাষ প্রকল্পের নামে মার্চের ২৪ তারিখে ৩৭ কোটি ৫০ লাখ টাকার একটি চেক (যার নাম্বার সিডি-৫০৩৩০৯১২৮) সোনালী ব্যাংকের দিলকুশা কর্পোরেট শাখার ক্যাশ কাউন্টারে উপস্থাপন করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যাচাই-বাছাই করে শাখা নিশ্চিত হয় চেকটি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে শাখার যুগ্ম জিম্মাদার ও প্রিন্সিপাল অফিসার বিপ্লব কুমার বর্মা শাখা প্রধানকে জানান। ব্যাংক কর্তৃপক্ষ মৎস অধিদপ্তরের অতিরিক্ত সচিব আতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, ‘অধিদপ্তর এ বিষয়ে কোন চেক ইস্যু করেনি এবং প্রকল্পটি বর্তমানে বন্ধ রয়েছে’।
বলা হয়, শাখার কর্মকর্তারা কৌশলে সেই ব্যক্তিকে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেন এবং তার কথায় অসামঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় মতিঝিল থানায় জানালে পুলিশ এসে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ তার দেহ তল্লাশি করে মোট ২৬৬ কোটি ৫০ লাখ টাকার আরও ছয়টি জাল চেক জব্দ করে।
এ বিষয়ে শাখা প্রধান ডেপুটি জেনারেল ম্যানজার ওহিদুজ্জামান আটককৃত ও পলাতকচক্রের বিরুদ্ধে মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র : ঢাকাটাইমস
এম এস, ১০ মার্চ









