এশিয়া

পর্যটকদের জন্য খুলছে মালয়েশিয়ার সীমান্ত

কুয়ালালামপুর, ০৮ মার্চ – করোনাভাইরাস মহামারিতে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বন্ধ হয়ে যাওয়া সীমান্ত পুনরায় বিদেশি পর্যটকদের জন্য আগামী ১ এপ্রিল থেকে সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে বাইরের বিভিন্ন দেশের যেসব পর্যটক মালয়েশিয়ায় প্রবেশ করবেন তাদের ২য় ডোজ টিকা নেয়া থাকলে আর থাকছে না বাধ্যতামূলক কোয়ারেন্টিন। একই সময়ে পর্যটকরা মাইট্রাভেল পাসের জন্য আবেদন না করেই দেশটিতে আসা যাওয়া করতে পারবেন।

মঙ্গলবার টেলিভিশনে দেয়া সরাসরি ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব বলেন, ভাইরাসকে সঙ্গী করে মহামারির স্থানীয় রূপে জীবন চালিয়ে নেয়ার পদক্ষেপের অংশ হিসাবে পুনরায় সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে দেশটির উদ্দেশে যাত্রা শুরুর আগে আরটি-পিসিআর এবং পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে কোনো পেশাদারের তত্ত্বাবধানে আরটিকে-অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। বর্তমানে কেবলমাত্র টিকার পূর্ণ ডোজ নেয়া পর্যটকরা এয়ার বাবল চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুর এবং ল্যাংকাউই হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেন।

বিশ্বজুড়ে দ্রুতগতিতে করোনাভাইরাস মহামারির বিস্তারের পরিপ্রেক্ষিতে প্রায় দুই বছর আগে ২০২০ সালের ১৮ মার্চ সীমান্ত বন্ধ করে দেয় মালয়েশিয়া।

ইসমাইল সাবরি ইয়াকোব আরও বলেন , ‘আমি বিশ্বাস করি সীমান্ত খোলা নিয়ে জনগণের দীর্ঘ প্রতীক্ষা ছিল। সামগ্রিকভাবে এই ঘোষণা দেশের অর্থনীতিকেও চাঙ্গা করবে; বিশেষ করে পর্যটন শিল্পে, যা মহামারিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মালয়েশিয়ার সরকার সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় এখন থেকে বিদেশি পর্যটকদের দেশটিতে যাত্রা শুরুর আগে ‘মাইসেজাহতেরা’অ্যাপের মাধ্যমে ভ্রমণ ফরম পূরণ করতে হবে। তবে পর্যটকদের ট্রাভেল পাসের জন্যও আবেদন করতে হবে না।

মহামারি থেকে বেরিয়ে আসার এই পর্যায়ে দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন ইসমাইল সাবরি। করোনার অতি-সংক্রামক ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক রেকর্ড সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হার গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়া সত্ত্বেও অর্থনীতি উন্মুক্ত রেখেছে মালয়েশিয়া।

মহামারির বিধি-নিষেধ থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে সবকিছু স্বাভাবিক করার পথে হাঁটছে দেশটি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language