ফের জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়া দিল্লি, ০৭ মার্চ – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফের ফোনে কথা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৭ মার্চ) তাদের মধ্যে কথা হতে পারে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের সুমি শহরে এখনও বহু ভারতীয় আটকা পড়েছেন। সে কারণেই জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদি। একই সঙ্গে জেলেনস্কিকে যুদ্ধ থামানোর আহ্বান করবেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মোদি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। সে সময় ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে দু’জনের কথা হয়।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।
সূত্র : আরটিভি
এম এস, ০৭ মার্চ









