উত্তর আমেরিকা

পুতিনকে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ০৩ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে রক্তপাত বন্ধ করার এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া স্বাধীন সংবাদমাধ্যমগুলোকে আগ্রাসনের তথ্য সম্প্রচার করতে দিচ্ছে না। এ ছাড়াও রাশিয়া টুইটার, ফেসবুক এবং ইন্সটাগ্রামের মতো সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর ‘কণ্ঠরোধ’ করছে বলে অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র।

এদিকে যুদ্ধের ৮ম দিনেও (বৃহস্পতিবার) ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।

সূত্র: আরটিভি
এম ইউ/০৩ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language