পিরোজপুর

‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’

পিরোজপুর, ২৪ ফেব্রুয়ারি – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার। শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত, বিজ্ঞানমনস্ক ও আধুনিক জাতি বিনির্মাণ হোক আমাদের প্রত্যয়।

বৃহস্পতিবার পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের শিক্ষা বিস্তারে যে পদক্ষেপ নিয়েছেন, অতীতে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী তা নিতে পারেননি। সম্মিলিতভাবে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সেই সম্মিলিত কাজের উত্তরাধিকার বহন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভালো থাকলে দেশের কোনো অঞ্চলের উন্নয়নে বাধা হবে না।’

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উন্নয়ন সমাবেশে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ আব্দুল লতিফ, পিরোজপুর জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস রুনা ও নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু উপস্থিত ছিলেন।

এর আগে নাজিরপুর উপজেলা স্বাধীনতা মঞ্চে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিক সঞ্জীব কুমার রায়ের পাঁচ শতাধিক অ্যালবাম প্রদর্শনী উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। এরপর বৈবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ উদ্বোধন, মাটিভাঙ্গা মহাবিদ্যালয়ের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন এবং মাটিভাঙ্গা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সূত্র: সমকাল
এম ইউ/২৪ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language