পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া এসআই গ্রেপ্তার

জয়পুরহাট, ১৯ ফেব্রুয়ারি – জয়পুরহাটে এক ব্যক্তির শরীরে মাদক আছে বলে পুলিশ পরিচয়ে চাঁদা আদায়কালে উত্তম কুমার ঘোষ (৪০) নামে এক ভুয়া এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উত্তম কুমার ঘোষ জয়পুরহাট পৌর শহরের বঙ্গবন্ধুপাড়া মহল্লার মৃত ধীরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, গ্রেপ্তারকৃত উত্তম কুমার ঘোষ দীর্ঘ দিন থেকে বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিলেন। শনিবার তিন বন্ধু পাঁচবিবি থেকে বাসে করে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে নামলে উত্তম কুমার ঘোষসহ কয়েকজন নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে তাদের শরীরে মাদক আছে বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং কিছু টাকা হাতিয়ে নেন। এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ভুয়া এসআইকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি









