অপরাধসুনামগঞ্জ

গৃহবধুর ৬ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সুনামগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি – সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ফার্মেসি থেকে শাহনাজ পারভীন (৩৪) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় জিতেশ গোপ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিতেশ গোপ ফার্মেসির মালিক।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জানান, সিআইডি পুলিশের পক্ষ থেকে বেলা ১টায় তাকে জানানো হয়েছে, জিতেশ গোপকে তারা গ্রেপ্তার করেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হল থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করার পর ছয় টুকরো করা হয়েছে লাশটি গুম করার জন্য।

নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের সৌদিআরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। ওই গৃহবধূ দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর নিজস্ব বাসায় বাস করে আসছেন।

শাহনাজ পারভীনের ভাই হেলাল মিয়া বলেন, গত বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন আমার বোন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্দেহ হলে ওই ফার্মেসি মালিকের বাসায় খোঁজ করে জানতে পারি, তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো খণ্ডিত লাশ উদ্ধার করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language