অপরাধ

তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি – গোপালগঞ্জের মুকসুদপুরে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগ নেতা নাঈমকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতা নাঈম কাজী মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে ও মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মামলার বিবরণে জানা গেছে, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেপ্তার করে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্রলীগ নেতা নাইমকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৮ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language