দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে ফেব্রুয়ারিতে খুলছে বিশ্ববিদ্যালয়

কাবুল, ৩১ জানুয়ারি – গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানে বন্ধ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা রোববার জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী। তবে নারী শিক্ষার্থীরা ফিরবেন কি না, সে সম্পর্কে কিছুই বলেননি তিনি।

এদিন কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, উষ্ণ অঞ্চলের প্রদেশগুলোর বিশ্ববিদ্যালয় খুলবে ২ ফেব্রুয়ারি আর শীতল অঞ্চলের প্রদেশগুলোর ২৬ ফেব্রুয়ারি। খবর ডনের।

এর আগে তালেবান কর্মকর্তারা জানিয়েছিলেন, নারীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা করা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকার এখন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় শুধু ছেলেদের উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারেননি।

তালেবানকে বিদেশি সাহায্য দেওয়া ও জব্দ করা অর্থ উত্তোলনের সুযোগ দিতে নারী শিক্ষা নিশ্চিতে তালেবানের কাছে প্রতিশ্রুতি চেয়েছে পশ্চিমা সরকারগুলো।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের মধ্যে গত বছরের ১৫ আগস্ট দেশটির রাষ্ট্রক্ষমতা দখল করে কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী তালেবান।

সূত্র: সমকাল
এম ইউ/৩১ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language