দক্ষিণ এশিয়া

ভারতে বাড়ছে করোনা, ৪ মাসে সর্বোচ্চ শনাক্ত

নয়াদিল্লী, ০৪ জানুয়ারি – ভারতে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ চলছে। ডেল্টাকে ছাড়িয়ে ইতোমধ্যে সেখানে প্রভাব দেখাতে শুরু করেছে করোনার নতুন ধরন ওমিক্রন। এরই মধ্যে মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটিতে নতুন করে ৩৭ হাজার ৩৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত বছরের সেপ্টেম্বর মাসের পর সর্বোচ্চ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে একথা জানা গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এবার রাজ্যটির বিরোধী দলীয় বিজেপি নেতা মনোজ তিওয়ারি করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অল ইন্ডিয়া ইনিস্টিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) ভারতের সব চিকিৎসকদের শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করেছে। একই সঙ্গে দেরি না করে চিকিৎসকদের নিজ নিজ হাসপাতালে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের ২৩টি রাজ্যের ১ হাজার ৮৯২ জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে ৫৬৮ জন ওমিক্রন রোগীর সন্ধান মিলেছে। এর পরেই ৩৮২ জন ওমিক্রন রোগী শনাক্ত হয় রাজধানী দিল্লিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য থেকে জানা যায়, দেশটিতে ২৪ ঘণ্টায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮২ হাজার ১৭ জনে। আর শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ।

মঙ্গলবার দিল্লির বিরোধী দলীয় নেতা মনোজ তিওয়ারি নিজের টুইট বার্তায় লেখেন, ‘২ জানুয়ারি রাত থেকে আমার শরীর ভালো যাচ্ছেনা। আমি মৃদু জ্বর ও ঠান্ডায় আক্রান্ত ছিলাম। করোনার পরীক্ষা করানো হলে আজ (মঙ্গলবার) ফলাফল পজেটিভ আসে। আমি আইসোলেশনে আছি। আপনারাও নিজ এবং নিজ পরিবারের প্রতি আরো যত্নবান থাকুন।’

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন। এক টুইট বার্তায় মঙ্গলবার সকালে তিনি এ তথ্য জানান। টুইটে কেজরিওয়াল লেখেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। হোম আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন। হোম আইসোলেশনে থাকুন।‘

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language