সিরাজগঞ্জ

রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন ইউএনও

সিরাজগঞ্জ, ৩১ অক্টোবর- সিরাজগঞ্জ কামারখন্দে হেরিং বোন বন্ড (এইচবিবি) গ্রামীন মাটির রাস্তা টেকসই ২য় পর্যায়ে নিয়মানুযায়ী কাজ না হওয়া ও নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা। পুনরায় নতুন করে রাস্তার কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে কামারখন্দ উপজেলায় ৩টি এইচবিবি প্রকল্পের অনুমোদন হয়। মেসার্স আশা এন্টারপ্রাইজ ও জে,কে এন্টারপ্রাইজ ঝাঐল ইউনিয়নে দুটি প্রকল্প ট্রেন্ডারের মাধ্যমে পেয়েছেন।

উপজেলার ঝাঐল ইউনিয়নে জয়েন বড়ধুল হানিফের বাড়ি হতে খলিলের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার (এইচবিবি) কাজ শুক্রবার দুপুরে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা। পরিদর্শনের সময় নিম্নমান ও এস্টিমেট অনুযায়ী প্রকল্পের কাজ না হওয়ায় ঠিকাদারকে রাস্তার ইট তুলে নতুন করে তৈরির নির্দেশ দেন।

ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন (ঠান্ডু) জানান, প্রকল্পটি কাজ শেষ হওয়ার পরে বৃষ্টিতে পানি জমা হয়ে সামান্য ক্ষতি হয়েছিল,ইউএনও স্যারের নির্দেশে পুনরায় কাজ করা হয়েছে।

এ ব্যাপারে কামারখন্দ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মুঠোফোনে একাধিক বার কল করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের এইচবিবি প্রকল্পের বকেয়া বিল পরিশোধের আগে নির্মাণকৃত রাস্তা পরিদর্শনে গেলে রাস্তায় নিম্নমানের কাজ হওয়ায় ঝাঐল ইউনিয়নে একটি প্রকল্পে ইট তুলে পুনরায় তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : একুশে
এন এইচ, ৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language