কক্সবাজারে বিশেষ অভিযানে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার

কক্সবাজার, ২৬ ডিসেম্বর – কক্সবাজারে বিশেষ অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইত্তেফাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে ওই ক্রিস্টাইল মেথ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইত্তেফাক জানান, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি বিশেষ টহল দল টেকনাফ উপজেলার হ্নীলা সংলগ্ন প্রধান সড়কের পাশে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
তিনি আরও জানান, বিজিবি টহল দল কয়েকজন সন্দেহভাজন বেসামরিক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে। পরে বিজিবি টহল দল ধাওয়া করলেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের ১.৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
সূত্র : আরটিভি
এম এস, ২৬ ডিসেম্বর









