নড়াইল

নড়াইলে হাসপাতালে বিভিন্ন অনিয়মে মাশরাফির ক্ষোভ

নড়াইল, ১৯ ডিসেম্বর – নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির বিন মর্তুজার নির্দেশে নড়াইল সদর হাসপাতালের ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে খাবার প্রদানের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ এবং রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং-এর ১ কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে ঝটিকা সফরে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের সময়মত হাজির না হওয়া দেখেন। চিকিৎসক-কর্মচারিদের ছুটি না নিয়ে অফিসে না আসাসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান এসময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।

চিকিৎসকরা ঠিকমত রোগীদের দেখেন না, গতরাতে হাসপাতালের মাত্র ৩ জনকে খাবার দেওয়া হয়েছে। বিষয়টি মানতে নারাজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী। মাশরাফি বিষয়টি চ্যালেঞ্জ করলে হেরে যান তত্বাবধায়ক।

তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সীর অনুমতি না নিয়ে বা কারো দরখাস্তে তত্বাবধায়কের স্বাক্ষর নেই অথচ তিনি ছুটিতে রয়েছেন। ছুটি না মঞ্জুর করলেও ছুটি ভোগ করছেন কিভাবে ?

মাশরাফি বিন মর্তুজা বলেন, হাসপাতাল গুলোতে বিভিন্ন স্থান থেকে গরীব মানুষ আসে। তাদের খাবার দেওয়া হয়না, অফিস করেন না ঠিক মত চিকিৎসকরা। আমার রোগীদের খাবার-ওষুধ পায়না এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিকেলের মধ্যে জানানোর নির্দেশ দেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী বলেন, শনিবার সকাল ৯টার পরে আসায় ৮জন চিকিৎসক ও ২জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে শোকজ করা হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়ায় দায়িত্বে থাকা ১ জন কর্মচারিকে শোকজ করা হয়েছে এবং এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিং-এর ১ কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language