জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পদত্যাগ

কাবুল, ১৭ ডিসেম্বর – জাতিসংঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের (আশরাফ গানি সরকার) নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক বার্তসংস্থা এএফপি’কে বলেন, গোলাম মোহাম্মদ ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়।
বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।
গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে সরিয়ে কাবুলের ক্ষমতায় আসে তালেবান। এরপর বহু আফগান অন্য দেশে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেন।
আশরাফ গানি দেশ ছেড়ে দুবাইতে পালিয়ে যান। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পালানোর অভিযোগ রয়েছে।
নতুন তালেবান সরকার ইতোমধ্যে জাতিসংঘে তাদের মনোনিত রাষ্ট্রদূতের কথা জানিয়েছে। তবে নতুন দূতকে এখনও স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, তালেবান সরকার সুহেল শাহীনকে জাতিসংঘে তাদের দূত করার জন্য বিশ্ব সংস্থাটির কাছে আবেদন করেছে।
আফগানিস্তানের তালেবান সরকারকে এখনও বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ ডিসেম্বর ২০২১









