নীলফামারী

নীলফামারীতে চাকরির প্রলোভন দেখিয়ে ভাগ্নিকে ধর্ষণ

নীলফামারী, ০৮ অক্টোবর- নীলফামারীতে ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে নুর আমিন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ উপজেলার দূর সম্পর্কের ভাগ্নিকে উত্তরা ইপিজেডে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে নীলফামারীতে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ রয়েছে।

নুর আমিনকে নীলফামারীর কাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে বদরগঞ্জ উপজেলার মায়াগাছ গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদুন নবী।

অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগ আনা পঁচিশ বছর বয়সী ওই নারী রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার একটি চাকুরীর জরুরী প্রয়োজন হওয়ায় তিনি দূর সম্পর্কের মামা নুর আমিনকে জানায়। সেই মামা তাকে নীলফামারী উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে চাকুরী করে দিবে জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর তাকে নীলফামারী নিয়ে আসে। কিন্তু চাকুরীর কোনো ব্যবস্থা না হওয়ায় ওই রাতে নীলফামারী হাজিগঞ্জ এলাকায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য হুমকি দিয়ে বলে ধর্ষণের ঘটনা প্রকাশ করলে চাকুরী হবে না। চাকুরীর আশায় তিনি চুপ করে থাকতে বাধ্য হন।

এরপর গত ৬ অক্টোবর পুনরায় তাকে নিয়ে নীলফামারী আসে নুর আমিন। কিন্তু সেদিনও কোনো চাকুরীর ব্যবস্থা না হলে সে পুনরায় রাত কাটানোর প্রস্তাব দেয়। আসামি নুর আমিনের মতলব বুঝতে পেরে কৌশলে ওই দিনেই নীলফামারী থানায় এসে ঘটনাটি খুলে বলেন এবং মামলা দায়ের করেন ভুক্তভোগী।

এদিকে নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদুন নবী জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দ্রুততম সময়ে আসামি নুর আমিনকে সদর উপজেলার কাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বার্তা২৪

আর/০৮:১৪/০৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language