পর্যটন

এশিয়ার সাতটি অসাধারণ দর্শনীয় স্থান চিনে নিন

ঢাকা, ৩০ অক্টোবর- এশিয়া মহাদেশ আকারে যেমন বিশাল তেমন বৈচিত্র্যময়ও বটে। আর এ মহাদেশে এমন বহু স্থান রয়েছে যার সৌন্দর্যের কথা এখনও মানুষ জানে না। কাছাকাছি বিভিন্ন দেশের এসব স্থানে ভ্রমণের সুযোগ অনেকেই পাননি। এ লেখায় থাকছে সে ধরনের সাতটি স্থানের বিস্তারিত। এশিয়ার সাতটি অসাধারণ দর্শনীয় স্থান চিনে নিন

১. ঝাংজিয়াজি, চীন
চীনের ছবির মতো সুন্দর আর রহস্যময় একটি স্থানের কথা বলতে গেলে ঝাংজিয়াজির কথা বলতে হবে। এ স্থানের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন এতটাই চমৎকৃত হয়েছেন যে তার সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাভাটার’-এর শুটিং এখানেই করেছেন। যারা এ স্থানে ভ্রমণ করতে পারবেন না, তারা ‘অ্যাভাটার’ সিনেমাটি দেখে নিতে পারেন। তাতে উঠে এসেছে এ এলাকার বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য।

২. ব্যাগান, মিয়ানমার

পেরুর মাচু পিচুর প্রাচীন স্থাপনা দেখে যাদের মনে হয়, এসব স্থাপনা পৃথিবীর নয় বরং পৃথিবীর বাইরে থেকে আসা কারো তৈরি, তারা মিয়ানমারের এ স্থানটিও ঘুরে যেতে পারেন। প্রাচীন আমলের প্যাগোডা, মন্দির ইত্যাদি দেখে অনুরূপ ধারনা জন্মাতে পারে আপনার মনেও।

৩. কোহ মুক, থাইল্যান্ড
বিশ্বের বিভিন্ন দেশের জনবহুল সমুদ্রসৈকতে গিয়ে ভিড়ের চাপে যারা বিরক্ত হয়েছেন, তাদের উপযুক্ত একটি স্থান হলো কোহ মুক। এটি থাইল্যান্ডের ট্র্যাং প্রভিন্সের অন্তর্গত একটি দ্বীপ। আক্ষরিক অর্থে এ নামের অনুবাদ হলো ‘মুক্তা দ্বীপ।’

৪. হোই অ্যান, ভিয়েতনাম

ভিয়েতনামের এ প্রাচীন শহরটি ১৫ থেকে ১৯ শতক পর্যন্ত ব্যস্ত এক বন্দর ছিল। ইউনেস্কো এ শহরকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে। এ শহরের বিল্ডিং ও রাস্তার পরিকল্পনায় রয়েছে তৎকালীন সময়ের ব্যাপক বিদেশি প্রভাব। এ শহরে রয়েছে বহু প্রাচীন স্থাপনা।

আরও পড়ুন: সৌদি আরবের ৭টি অপার সৌন্দর্যের স্থান

৫. ব্যাটানস, ফিলিপাইন্স
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে উত্তরে অবস্থিত এ প্রদেশটি ১০টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এ দ্বীপগুলো অনেকটা নিউজিল্যান্ডের মতো। এ দ্বীপগুলো তাইওয়ানের কাছে অবস্থিত। ম্যানিলা থেকে সহজেই এ স্থানে যাওয়া যায়। এ দ্বীপগুলোতে রয়েছে অনুপম পাহাড়-পর্বত, সমুদ্রসৈকত ও পুরনো চার্চ ও দ্বিতীয় মহাযুদ্ধের নানা স্মৃতি।

৬. ভুটান
বাংলাদেশের নিকটবর্তী এক দেশ ভুটান। হিমালয় পর্বতসারির পূর্ব প্রান্তে অবস্থিত এ দেশটিতে রয়েছে বহু প্রাচীন নিদর্শন ও সবুজ বনানী। ভুটানিরা বিশ্বের অন্যতম সুখী মানুষ। যদিও এর কারণ তাদের টাকা-পয়সা নয়। ভুটানে গিয়ে এর কারণ অনুসন্ধান করলেই আপনি উপলব্ধি করতে পারবেন, তাদের সুখী হওয়ার রহস্য।

৭. নারা, জাপান
জাপানের টোকিও, ওসাকা কিংবা কিয়োটোর কথা যারা জানেন তারা হয়তো ভাবতেও পারবেন না, জাপানে লুকিয়ে আছে কত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। নারাতে আপনি পাবেন প্রাচীন বুদ্ধমন্দির, অসাধারণ বাগান ও কাঠের বাড়ির সমাহার।

এন এইচ, ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language