যশোরে প্রথমবার উদ্ধার হলো ‘ক্রিস্টাল মেথ’, এক নারী আটক

যশোর, ১২ নভেম্বর – প্রথমবারের মতো নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার হলো যশোরে। ডিবি পুলিশ দুই গ্রাম ক্রিস্টাল মেথসহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে। সেইসাথে জব্দ হয়েছে ৫৯০ পিস ইয়াবা। মাত্র দুই গ্রাম ক্রিস্টাল মেথের মূল্য এক লাখ টাকা বলে জানায় ডিবি।
বৃহস্পতিবার দিবাগত রাতে আটক হওয়া রিনা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুর বাজার এলাকার মামুন মন্ডলের স্ত্রী।
ডিবি পুলিশের পরিদর্শক শাহিনুর রহমান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন, সিটি কলেজের পূর্ব পাশের গলির নিরঞ্জন লষ্করের বাড়ির সামনে এক নারী ক্রিস্টাল মেথ বিক্রি করছে। এ সময় তিনিসহ ডিবি সদস্যরা সেখানে গেলে ওই নারী পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
এ সময় উপস্থিত লোকজনের সামনে ডিবির নারী কনস্টেবল দিয়ে তার শরীর তল্লাশি করে পাজামায় গোঁজা অবস্থায় ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম কথিত মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়। এই দুই গ্রাম আইসের মূল্য এক লাখ টাকা।
ডিবি পরিদর্শক শাহিনুর আরও জানিয়েছেন, নতুন মাদক হিসাবে খ্যাত ক্রিস্টাল মেথ যশোরে প্রথম আটক হলো। ওই নারী নিজেই ইয়াবা ও আইসের কথা স্বীকার করেছে। দুই গ্রাম আইস ছোট দুই টুকরো কাগজে মোড়ানো ছিলো।
তবে আটক রিনা খাতুন জানিয়েছেন, তিনি ৫ হাজার টাকার বিনিময়ে এই মাদক ঢাকার গাবতলি থেকে যশোরে নিয়ে যান। একজন অপরিচিত লোক তার হাতে একটি টুপলা তুলে দেয়। তিনি তিনদিন আগে যশোরে যান সেটি নিয়ে। তার এক ফুফু (বুড়ি নামে পরিচিত, বাড়ি মহিলা কলেজ গেটের সামনে) ওই মাদক যশোরে আনতে বললে তিনি ৫ হাজার টাকার জন্য গাবতলি থেকে তা নিয়ে যান। কিন্তু সেটি হাতে পাওয়ার পর তাকে আর কোনো টাকা দেয়নি, বরং পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১২ নভেম্বর ২০২১









