ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি

আদ্দিস আবাবা, ০৩ নভেম্বর – রাজধানী অভিমুখে বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার।
রাজধানী আদ্দিস আবাবার বাসিন্দাদের শহর রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে।
ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীগোষ্ঠী টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) দ্বারা সংঘটিত নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উত্তরাঞ্চলীয় টাইগ্রে এলাকার বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই করছে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনী। সম্প্রতি বিদ্রোহীরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমফারা অঞ্চলের দেসি এবং কোমবোলচা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা আরও দক্ষিণে রাজধানী আদ্দিস আবাবা অভিমুখে অগ্রসর হতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পরই জরুরি অবস্থা জারি ঘোষণা এলো।
রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণায় বলা হয়েছে, টিপিএলএফের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহে যে কেউ আদালতের পরোয়ানা ছাড়াই আটক হতে পারে। যেসব নাগরিকের সামরিক চাকরির বয়স হয়েছে তাদের যেকোন সময় লড়াইয়ের জন্য ডাকা হতে পারে।
দেশটির জাস্টিস মিনিস্টার গেডিওন টিমোথিওস বলেন, আমাদের দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য মারাত্মক বিপদের সম্মুখীন। আমরা স্বাভাবিক আইন প্রয়োগকারী সিস্টেম এবং পদ্ধতির মাধ্যমে এই বিপদ দূর করতে পারব না।
তিনি বলেন, যে কেউ জরুরি অবস্থা লঙ্ঘন করলে বা বিদ্রোহীদের সমর্থন দিলে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ০৩ নভেম্বর









