দক্ষিণ এশিয়া

মেয়েদের শিক্ষা নিয়ে শিগগিরই সুখবর দেবে তালেবান

কাবুল, ০৩ নভেম্বর – আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, মেয়েদের স্কুলে ফেরার বিষয়ে তারা শিগগিরই সুখবর দেবেন। এ অঙ্গীকার করার সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বন্ধ ফান্ড ছাড়ের আহ্বান জানিয়েছেন।

তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের পর নারীর অধিকার নিশ্চিত ও মেয়েদের স্কুলে ফেরা নিয়ে তালেবান সব থেকে সমালোচনায় পড়ে।

গত সেপ্টেম্বরে তালেবান ছেলেদের স্কুলে ফেরার অনুমতি দিলেও হাইস্কুল-কলেজের মেয়েদের স্কুল ফেরার অনুমতি দেয়নি। এটা নিয়ে তারা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের বহিঃবিষয়ক কর্মসূচির পরিচালক ওয়াহিদুল্লাহ হাশমি বলেন, ইনশাল্লাহ সমগ্র দেশের জন্য আমরা খুশির সংবাদ দেব। আমাদের উলামারা এটা (মেয়েদের স্কুলে ফেরা) নিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ দ্রুত আমরা এ সম্পর্কে বিশ্বের কাছে ঘোষণা দেব।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল। ওই সময়ও প্রাইমারি স্কুল শেষ করার পর মেয়েদের আর পড়ালেখার অনুমতি ছিল না।

তালেবান নেতা হাশিমি বলেন, আমরা মেয়েদের শিক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের স্কুলে ফেরাতে কাজ চলছে। কোনো নারী শিক্ষককে ছাঁটাই করা হয়নি উল্লেখ করে এই তালেবান নেতা বলেন, এটা বিশ্বের কাছে একটা ইতিবাচক বার্তা যে, আমরা কর্মকৌশল নিয়ে কাজ করছি। আমরা তাদের স্কুল-বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলব না।

বিভিন্ন এলাকায় অর্থাভাবে শিক্ষার কার্যক্রম বন্ধ আছে উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের ছেলে-মেয়েরা শিক্ষিত হোক তারা (পশ্চিমা) যদি সত্যিই এটা চায়, তাহলে সহায়তা ছাড় করুক।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৩ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language