মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯৫ হুতি বিদ্রোহী নিহত

সানা, ২৯ অক্টোবর – ইয়েমেনের জুবা ও আল-কাসারাহ জেলায় সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৯৫ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।

সৌদি সামরিক জোট বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মধ্যাঞ্চল মারিবের পাশে ওই জেলা দুটিতে ২২ বার বিমান হামলা চালানো হয়। খবর আরব নিউজের।

এসব হামলায় কমপক্ষে ১১টি সামরিক যানও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। মারিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে জুবা এবং ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত আল-কাসারাহ জেলায় এ হামলা চালানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে মারিবের আশপাশ এলাকায় হামলা জোরদার করেছে সৌদি জোট।

এদিকে এ হামলার জবাবে হুতি বিদ্রোহীরা ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানে। তবে এসব হামলা প্রতিহত করার দাবি করছে সৌদি জোট।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language