জাতীয়

দুর্নীতির মামলায় ব্যারিস্টার মীর হেলাল কারাগারে

ঢাকা, ২৭ অক্টোবর- দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ এ এস এম রুহুল ইমরানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নাকচ করে এই আদেশ দেন বিচারক। মীর হেলাল বিএনপির নেতা সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, দুদকের করা দুর্নীতির মামলায় মীর নাসিরকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড বহাল রেখে গত বছর ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। ওই রায় পাওয়ার তিন মাসের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এরপর মীর নাসির ও তার ছেলে মীর হেলাল আপিল বিভাগে আত্মসমর্পণ করে আপিল দায়েরের জন্য হলফনামার অনুমতি চেয়ে পৃথক আবেদন করেন। তাদের আবেদনও খারিজ করেন আপিল বিভাগ।

মঙ্গলবার মীর হেলাল বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। মীর নাসির এখনো বিচারিক আদালতে আত্মসমর্পণ করেননি। আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

আরও পড়ুন: ইরফান সেলিমের সহযোগী দিপু তিন দিনের রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। এ মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে পৃথক আপিল করেন। ২০১০ সালে মীর নাসির ও মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ।

সূত্র : সমকাল
এম এন / ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language