১১ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ, ২৬ অক্টোবর- শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটে টানা ১১ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চালু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টা থেকে বিকল্প চ্যানেল দিয়ে শুধু দিনের বেলায় পাঁচটি ছোট ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ড্রেজিং করার পরও আগের সব চ্যানেল পুরোপুরি বন্ধ রয়েছে। হাজরা দিয়ে নতুন চ্যানেল করা হচ্ছে।
শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির ম্যানেজার (মেরিন) আহাম্মদ আলী জানান, সোজা চ্যানেল দিয়ে এখন আর ফেরি চলাচলের কোনো অবস্থা নেই। চায়নাদের ন্যাশনাল গ্রিডের চ্যানেল দিয়ে ২০ কিলোমিটার ঘুরে দিনে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে সময় একটু বেশি লাগছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৯’শ ইয়াবা জব্দ, সাত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৮
“ছোট পাঁচটি ফেরি দিয়ে আমরা পারাপার শুরু করেছি। তবে রাতে ফেরি বন্ধ রাখা হবে।”
গত ৩ সেপ্টেম্বর থেকে ৭ দফায় ৩০ দিন ফেরি বন্ধ ছিল। বাকি ২৩ দিন চলেছে সীমিত আকারে। বহরের ১৭ ফেরির মধ্যে ছয়টি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ছোট আকারের পাঁচটি ফেরি দিয়ে পারাপার চলছে। আর বাকি ছয়টি ডাম্প ফেরি অলস বসে আছে।
এদিকে লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। আর রাতে পদ্মা পার হওয়ার কোনো সুযোগ নেই। এতে শিমুলিয়া- কাঁঠলবাড়ি রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের দুর্ভোগ কমার সম্ভাবনা কম।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ২৬ অক্টোবর









