কাল আকবরের পলায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

সিলেট, ২৫ অক্টোবর- বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নগরীর আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হন আহমদের মৃত্যুর আজ (২৫ অক্টোবর) ১৫তম দিন। ন্যাক্কারজনক সেই ঘটনার একদিন পর থেকেই ‘পলাতক’ রয়েছেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বন্দর ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়ীক বরখাস্তকৃত) এস.আই আকবর হোসেন ভূঁইয়া।
তিনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে গুঞ্জণ রয়েছে। এছাড়া তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করছে পুলিশ।
এদিকে, এসআই আকবর হোসেন ভূঁইয়া পলায়নের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কেউ জড়িত কি-না, সেটি খতিয়ে দেখতে পুলিশ সদর দফতর থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির সদস্যরা সোমবার (২৬ অক্টোবর) তাদের প্রতিবেদন জমা দেবে।
আরও পড়ুন: সিলেটের মেয়রের সান্ত্বনায় অনশন ভাঙালেন রায়হানের মা
এর আগে গত বুধবার সিলেটে এসে তদন্তকাজ চালান এ কমিটির সদস্যরা । তদন্ত কমিটি কাজ শুরু করলে এসআই আকবরকে পলায়নে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাসান উদ্দিনের সহায়তার বিষয়টি উঠে আসে। এরপর তাকে বরখাস্ত করা হয়।
তদন্ত কমিটির প্রধান পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মো. আয়ুব ঢাকায় ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের জানান, এসআই আকবর পালিয়ে যাওয়ার সঙ্গে কেউ জড়িত ছিলো কি-না তা খুঁজে বের করতে কাজ চলছে। তদন্ত প্রায় শেষের দিকে।
সোমবার (২৬ অক্টোবর) নাগাদ প্রতিবেদন জমা দিতে পারেন বলে জানান তিনি।
সূত্র : সিলেটভিউ
এন এইচ, ২৫ অক্টোবর









