দক্ষিণ এশিয়া

এক প্লেট ভাতের দাম ৮,৫০০ টাকা, পানি ৩,৫০০ টাকা!

কাবুল, ২৭ আগস্ট – আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখল করে নেওয়ার পর ইতিমধ্যেই বেশ কিছুদিন পার হয়েছে। কিন্তু তালেবানের ভয়ে কাবুল বিমানবন্দরের হুড়োহুড়ি, ভিড়সহ অরাজক পরিস্থিতি আগের অবস্থাতেই রয়েছে। অনেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন কিংবা অনেকেই ভিন্ন দেশে আশ্রয়ের সুযোগ নিতে চাইছেন। এই পরিস্থিতিতে বিমানবন্দরের করুণ ছবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানবন্দরের চারদিকে কেবলই আশাহীন মানুষের ছোটাছুটি। রোদ-গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ রয়েছেন বিরামহীন অপেক্ষায়। মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।

পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, কাবুল বিমানবন্দরের আশপাশে এক বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া এক প্লেট ভাতের মূল্যও চাওয়া হচ্ছে ১০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার টাকার সমপরিমাণ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

খাবার ও পানির উচ্চমূল্যে কার্যত দিশেহারা বিমানবন্দরে অপেক্ষারত মানুষেরা। এক আফগান নাগরিক দ্য ইন্ডিপেন্ডেন্ট’কে জানিয়েছেন, তিনি এক বোতল পানি কিনেছেন যার দাম পড়েছে ৪০ মার্কিন ডলারের মতো। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল মার্কিন ডলারে বেচাকেনা চলছে। এই উচ্চমূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একইসঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করে দিয়েছে দেশ দু’টি। বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে হুমকির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গতকাল বুধবার রাতে উভয় দেশ নিরাপত্তা সতর্কতা নিয়ে নির্দেশনাও জারি করেছে।

সূত্র: বিডি২৪লাইভ
এম ইউ/২৭ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language