দূষণের শঙ্কা, জাপানে মডার্নার টিকা প্রয়োগ বন্ধ

টোকিও, ২৬ আগস্ট – করোনা সংক্রমণ রোধে বিশ্বের প্রতিটি দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। তবে সেই টিকাতেই দূষণের শঙ্কা। আর তাই মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজ টিকার ব্যবহার স্থগিত করেছে জাপান। খবর বিবিসির
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫ লাখ ৬০ হাজার টিকার শিশির চালানে (ব্যাচ) কিছু মাত্রায় অনাকাঙ্ক্ষিত উপাদান পাওয়া গেছে।
জাপানে মডার্নার টিকা বিক্রি ও বিতরণকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যাল বলেছে, ‘সতর্কতা হিসেবে’ টিকার ৩টি ব্যাচ সরবরাহ বন্ধ রেখেছে।
তারা আরও জানিয়েছে, স্পেনে একটি টিকা উৎপাদন কেন্দ্রে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তবে, এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে, জাপান টাইমস পত্রিকা জানায়, আরও ৭টি টিকাকেন্দ্র থেকে দূষণের খবর পাওয়া গেছে, যেখানে ৩৯টি শিশি বা টিকার ৩৯০ ডোজ দূষিত হয়েছে বলে জানা গেছে।
জাপান টাইমস আরো জানায়, জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে দূষিত ব্যাচের নম্বর প্রকাশ করেছে, যাতে স্থগিতাদেশের আগে যারা টিকা পেয়েছিল, তারা যেন যাচাই করতে পারে যে, তারা সম্ভাব্য দূষিত ডোজ পেয়েছে কি না।
তবে মডার্না বলেছে, আজ পর্যন্ত টিকায় কোনো সুরক্ষা বা কার্যকারিতা জনিত সমস্যা চিহ্নিত হয়নি। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও তাকেদার সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছে।
এদিকে, টিকায় পাওয়া ‘অনাকাঙ্ক্ষিত বস্তুগুলো’ কী, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে, তাকেদা এটিকে দূষিত বায়ুকণা হিসেবে বর্ণনা করেছে। এগুলোকে জরুরি ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৬ আগস্ট ২০২১









