কাবুলে আটকে পড়া মার্কিনি ও মিত্রদের বাড়ি ফেরানো হবে: মার্কিন প্রেসিডেন্ট

ওয়াশিংটন, ২১ আগস্ট – তালেবান আফগান দখলে নেওয়ায় ঘরে-বাইরে তীব্র সমালোচনার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবান শাসিত ভূখণ্ডে আটকে পড়া মার্কিনি এবং মিত্রদের দেশে ফেরানো হবে বলে জানান তিনি।
আগে থেকেই বলা ছিল কাবুলে আটকে পড়া মার্কিন নাগরিকদের নিয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে সংবাদ সম্মেলেন বক্তব্য রাখছেন জো বাইডেন। এরই প্রেক্ষিতে হোয়াইট হাউজে কাবুল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘কোনও আমেরিকান ফিরতে চাইলে তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো’।
কিন্তু কাবুল বিমানবন্দরের বর্তমান যে চিত্র তাতে তিনি উদ্বিগ্ন। কারণ, বিমানবন্দরের আশপাশে নিরাপত্তা চৌকিগুলোতে সশস্ত্র অবস্থানে রয়েছেন তালেবান সদস্যরা। বিভিন্ন দেশের মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। আর বিমানবন্দরের আশপাশে বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়তে মরিয়া। একটা বিমানে উঠতে পারলেই হলো তাদের। সব মিলিয়ে পরিস্থিতি সামালাতে হিমশিম খাচ্ছে সেখানে দায়িত্বরত মার্কিন বাহিনী।
বিমানবন্দরে চলমান মিশনকে বিপজ্জনক উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চূড়ান্ত ফলাফলে কী হতে যাচ্ছে এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারছি না। কারণ এটি এখন পর্যন্ত সবচেয়ে কঠিন এয়ারলিফ্ট অপারেশন’।
এর আগে বাইডেন জানান, দেশটিতে থাকা আমেরিকার নাগরিক এবং মার্কিন সেনাদের সহায়তা করা ৫০ থেকে ৬৫ হাজার আফগানদের সরিয়ে নেওয়া হবে।
সাংবাদিকদের আরও বলেন, ‘শুক্রবার রাতে কয়েক ঘণ্টার বিরতির পরে ফের আকাশপথে কাবুল থেকে বহু মানুষকে অন্যত্র নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে মার্কিন সেনা। আফগানিস্তানের ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে দাবি করেন তিনি। দেশটির বর্তমান সময়ের ছবি দেখে কেউই সুস্থ থাকতে পারবে না। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি’।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১৩ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২১ আগস্ট









