বরিশাল

গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যালে মৃত্যু কমেছে

বরিশাল, ১৬ আগস্ট – বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় দুই ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। একই সময়ে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রবিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। তাদের মধ্যে চার জন করোনা আক্রান্ত ছিলেন। ২৪ ঘণ্টায় ২১ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। তাদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬.৫৬ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ছয় হাজার ৮৪০ জন। তাদের মধ্যে দুই হাজার ১২৩ জনের করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ৪০৪ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৭১৯ জন। মোট এক হাজার ২৮০ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৩৬৩ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৬ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language