বান্দরবান

বান্দরবানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

বান্দরবান, ২৪ অক্টোবর- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. জাবের (১৪) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এক (ওয়েস্ট) এ আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের ছেলে।

জানা যায়, ভাই মো. হোসেনের সঙ্গে মিয়ানমার সীমান্তের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকায় গিয়েছিলেন জাবের। সীমান্তের মেইন পিলার নম্বর ৪০ এর কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনার পর পর জাবেরের সঙ্গে থাকা তার ভাই মো. হোসেন বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: নবীনগরে যুবদলের সভায় পুলিশের লাঠিপেটা এবং গুলি, আহত ২৫

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা যাতে আবার মিয়ানমারে ফিরে যেতে না পারে সে জন্য দেশটি বাংলাদেশ সীমান্ত ঘেঁষে কয়েক কিলোমিটার জুড়ে স্থলমাইন পুঁতে রেখেছে বলে অভিযোগ আছে।

সূত্র : দেশ রুপান্তর

আর/০৮:১৪/২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language