উত্তর আমেরিকা

মার্কিন সেনাবাহিনীর সকল সদস্যের টিকাগ্রহণ বাধ্যতামূলক: পেন্টাগন

ওয়াশিংটন, ১০ আগস্ট – সেনাবাহিনীর সকল সদস্যের জন্য মধ্য সেপ্টেম্বর থেকে টিকা নেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

করোনার অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ধরনের কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় পেন্টাগন সোমবার এ সিদ্ধান্তের কথা জানায়।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক স্মারকে উল্লেখ করেছেন, তিনি পাঁচ সপ্তাহের মধ্যে এ পদক্ষেপ অনুমোদন দিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে বলবেন।

এমনকি ওই সময়ের মধ্যে যদি কোনো টিকাই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায় তবু এ উদ্যোগ কার্যকর করা হবে বলে জানান তিনি।

তবে ধারণা করা হচ্ছে- ফাইজারের টিকা সেপ্টেম্বরের প্রথম দিকেই পুরোপুরি অনুমোদন পেয়ে যাবে। সেক্ষেত্রে এ সিদ্ধান্ত বাস্তবায়ন আরও এগিয়ে আনা হতে পারে।

যুক্তরাষ্ট্রে এখনো কোনো টিকারই পূর্ণ অনুমোদন দেওয়া হয়নি। সব টিকারই জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

অস্টিন বলছেন, ফাইজার কিংবা অন্য কোনো টিকা যদি খাদ্য ও ওষুধ প্রশাসনের পূর্ণ অনুমোদন না পায়, তবু তিনি তার এ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন। তিনি বাইডেনকে অনুমোদন দিতে বলবেন।

এদিকে বাইডেন ইতোমধ্যে এক বিবৃতিতে অস্টিনের এ সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বর্তমানে দায়িত্বরত ১৪ লাখ সামরিক সদস্যের ৭৩ শতাংশ টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। কিন্তু এর সঙ্গে যদি আরও ১১ লাখ রিজার্ভ সেনা যুক্ত করা হয় তাহলে এ হার দাঁড়াবে ৫৬ শতাংশ। এটিই বর্তমানে মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের বিষয়।

সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ১০ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language