কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়ি পেটার ভিডিও ভাইরাল

কুষ্টিয়া, ০৩ আগস্ট – কুষ্টিয়া শহরের রাইফেল ক্লাবের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের উপর দিনের বেলায় প্রকাশ্যে এক ঠিকাদারকে হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা।

হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন শহিদুর রহমান মিন্টু নামের ওই ঠিকাদার। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।এসময় সড়কে লোকজনের উপস্থিতি ছিলো। অনেকেই হামলার দৃশ্য ভিডিও ধারন করেন মোবাইলে। মারধরের সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল।

ভয়ে হাসপাতালেও ভর্তি হতে পারেননি ওই ঠিকাদার। পরে চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় সেবা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

ঠিকাদার শহিদুর রহমানের বাড়ি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে। তার বাবার নাম আহম্মদ আলী বিশ্বাস।

ঠিকাদার শহিদুর রহমান মিন্টু জানান, ‘আমি প্রথম শ্রেণির ঠিকাদার। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক মাস আগে কুষ্টিয়ার কয়েকটি সড়কের ৭ কোটি টাকার একটি টেন্ডারে অংশ গ্রহণ করায় আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা। তারা আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।’

তিনি জানান, ‘সোমবার বেলা ১২টার দিকে শহরের রাইফেল ক্লাব এলাকায় ১০ থেকে ১৫জন ব্যাক্তি হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাকে ঘীরে ধরে। তাদের বেশির ভাগের হাতে হাতুড়ি ছিলো।’

‘তারা আমার দুই পায়ের হাটুতে হাতুড়ি দিয়ে বেদম পেটাতে শুরু করে। সড়কসহ আশেপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পাইনি। আমার হাঁটু তেথলে গেছে। পিঠে ও বুকেও লেগেছে।’

স্থানীয়রা জানান, যারা হামলায় অংশ নেয় তারা মজমপুর এলাকার। স্থানীয় এক নেতার ক্যাডার এরা। বেশির ভাগের মুখে মাস্ক পরা ছিলো। ভয়ে কেউ তাদের বাঁধা দেয়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, এমন হামলার কথা আমার কানে আসেনি। হামলা বা মারপিটের বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language