জাতীয় ক্রিকেট দলের কোচ রিচার্ড পাইবাসের দায়িত্ব ছেড়ে দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কিছু দিন ধরে। এই গুঞ্জন আরো জোরালো করে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠেয় সিরিজ পর্যন্ত পাইবাসকে থেকে যাওয়ার অনুরোধ করবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর পাইবাস আর ঢাকায় ফেরেননি। দক্ষিণ আফ্রিকায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন গত জুনে বাংলাদেশের কোচ হিসেবে ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাইবাস। বাংলাদেশের কোনো সিরিজ না থাকলে ছুটিতে থাকতে চান তিনি। কিন্তু তার এই শর্ত মানতে রাজি নয় বিসিবি।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, “বছরে ৪৫ দিনের ছুটির শর্ত পাইবাসকে মানতে হবে। চাইলে দু-চারদিন বেশি ছুটি নিতে পারেন। কিন্তু সিরিজ ছাড়া জাতীয় দলের সঙ্গে কাজ না করার আব্দার মেনে নেয়া যায় না।”
“সিরিজ চলার সময় খেলোয়াড়দের সঙ্গে খুব বেশি কাজ থাকে না। কিন্তু যখন খেলা থাকে না তখনই একজন কোচকে সবচেয়ে বেশি কাজ করতে হয়। খেলোয়াড়দের বেসিক নিয়ে কাজ করার সেটাই সেরা সময়,” যোগ করেন তিনি।
মুস্তফা কামাল আরো বলেন, “পাইবাসের বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তার সঙ্গে আমি আর সুজন (বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী) কথা বলেছিলাম। আমি তার আসার ব্যাপারে আর সুজন শর্তের ব্যাপারে।”
“পাইবাস পরিবারকে নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় পাইবাসের আশা পূরণ হয়নি,” যোগ করেন তিনি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্সকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন পাইবাস। কেন চেয়েছিলেন সেটাও এখন পরিষ্কার বিসিবি সভাপতির কাছে।
তিনি বলেন, “ম্যাকিন্স তার সম পর্যায়ের কোচ। তিনি যুক্ত থাকলে পাইবাসের দু-চার দিন অতিরিক্ত ছুটি কাটাতে কোনো সমস্যা হতো না।”
এদিকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চ্যানেল নাইন দেখাবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল।
এ প্রসঙ্গে তিনি বলেন, “সিরিজটা দেখানোর জন্য চ্যানেল নাইন ৫০ হাজার ডলার দিচ্ছে। আর সম্প্রচার স্বত্ত্ব নিয়ে আমরা আবারো দরপত্র দেবো। গতবারের চেয়ে এবার আরো সমৃদ্ধ চুক্তি হবে বলে আশা করছি।”