কলকাতা, ১৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিষচর্চা করেন না। দলীয় সহকর্মীদের মতো মুখ্যমন্ত্রীর হাতের আঙ্গুলে বিবিধ পাথরখচিত আংটি নেই। তাবিজ-কবচও তিনি ধারণ করেন না। তা সত্ত্বেও একটি বিষয়ে তার ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলবে বলেই মমতার বিশ্বাস। তা হলো, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকারের মেয়াদ আর বড় জোড় দুই থেকে ছমাস। তার পরেই লোকসভা নির্বাচন।
মমতা বলেছেন, 'আমি যদি রাজনীতির এতটুকুও বুঝে থাকি, তা হলে আমার এই ভবিষ্যদ্বাণী মিলবেই মিলবে।' মূলায়ম সিং যাদব কিংবা মায়াবতী যেখানে বাইরে থেকে সমর্থন জানাচ্ছেন, সেখানে কীসের ভিত্তিতে তিনি এমন ভবিষ্যদ্বাণী করছেন? এ প্রশ্নের জবাবে মমতা বলেন, ইউপিএ সরকারের অবস্থা এখন অনেকটাই ব্রেন ডেথ হয়ে ভেন্টিলেটের শুয়ে থাকা মুমূর্ষু রোগীর মতো। সবাই জানে রোগী মৃত। কেবল নাকের নলটা খুলে নেওয়ার অপেক্ষা।' কারও সমর্থন, এমনকি কোনো মিরাকল তাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারে না।
মুখ্যমন্ত্রীর ব্যাখ্যায়, কংগ্রেসের সঙ্গ ত্যাগ না করে তার কোনো উপায় ছিল না। তার মতে, 'কংগ্রেস এখন একটা পচা শামুক। যে কোনো সময় পা কেটে গিয়ে রক্তারক্তি হয়ে যেতে পারে।' এর অর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এখন কংগ্রেসকে সঙ্গে রাখাটা হবে আত্দহননের সামিল। যে সঙ্গে থাকবে, তারই ভরাডুবি প্রায় অনিবার্য।