কলকাতা, ১৪ অক্টোবর- ভারতে লোকসভার উপনির্বাচনে খারাপ ফল হল কংগ্রেসের, পাশাপাশি দেখা গেল বিজেপির উত্থান। আর সেই কারনেই কপালে ভাজ পড়েছে কংগ্রেসের। যদিও এই নির্বাচন হয়েছিল মাত্র দুটি আসনে। কিন্তু দুটিই ছিল কংগ্রেসের নিরাপদ আসন। একটি উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনার ছেড়ে যাওয়া আসন তেহরি। আরেকটি ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া আসন পশ্চিমবঙ্গের জঙ্গীপুর। দুটি আসনেই কংগ্রেস প্রার্থী করেছিল তাদের পুত্রদের। তেহরিতে গোহারা হেরেছেন মুখ্যমন্ত্রী পুত্র সাকেত বহুগুনা। বিজেপি ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের বহুদিনের নিশ্চিত এই আসনটি। আবার জঙ্গীপুরে প্রায় দেড় লাখ ভোটে জেতা আসনে রাষ্ট্রপতি পুত্র অভিজিত মুখোপাধ্যায় হারতে হারতে মাত্র আড়াই হাজার ভোটে জিতেছেন। সিপিএম প্রার্থী মুজফফর হোসেন বেশিরভাগ বিধানসভাতেই কংগ্রেসের থেকে ভোট বেশি পেয়েছেন। তবে, নজরকাড়া ফল করেছে বিজেপি। চার শতাংশ থেকে তারা তাদের ভোট দশ শতাংশে নিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে যা অবশ্যই আশার আলো। কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু তৃনমুল জঙ্গীপুরে প্রার্থী দেয়নি, তাই তাদের ভোট গিয়েছে বিজেপির পক্ষে। এর ফলে অনেকেই আগামীদিনে বিজেপি ও তৃনমুলের মধ্যে জোট হতে পারে বলে মনে করছেন। এর ফলে বিজেপি মনে করছে, আগামী দিনে দেশের ক্ষমতায় আসার পথ তাদের পক্ষে অনেকটাই সহজ হবে।