আগামীকাল নতুন র্যাঙ্কিং প্রকাশিত হলেই ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে রজার ফেদেরার গড়ে ফেলবেন ৩০০ সপ্তাহ শীর্ষে থাকার কীর্তি। কিন্তু অনন্য এই কীর্তিটা খুব খুশিমনে উদ্যাপন করতে পারবেন না ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। কাল যে সেই সাংহাই মাস্টার্সের সেমিফাইনাল হেরে গেছেন অ্যান্ডি মারের কাছে।
ওয়ারিঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ফেদেরার শেষ আটের বাধাও পেরিয়েছিলেন সহজে। কিন্তু সেমিফাইনালেই পেয়ে যান অ্যান্ডি মারেকে। ফলে সাংহাই মাস্টার্সের দ্বিতীয় সেমিফাইনালটা হয়ে যায় লন্ডন অলিম্পিক ফাইনালের পুনরাবৃত্তির মঞ্চ। ফলটাও হলো এক। অলিম্পিক ফাইনালে ফেদেরারকে হারিয়ে প্রথম অলিম্পিক সোনা জেতেন মারে। কাল তাই ফেদেরারের জন্য ছিল প্রতিশোধের মিশনও। কিন্তু প্রতিশোধ দূরের কথা, ফেদেরার মারের সামনে হুমকি হয়েই উঠতে পারেননি! প্রথম সেটটি ৬-৪-এ জেতা মারে দ্বিতীয় সেটেও তরতর করে এগোচ্ছিলেন জয়ের পথে। কিন্তু হালকা বৃষ্টি দু-দুবার ছেদ টেনে দেয় খেলায়। দ্বিতীয় দফা তো খেলা বন্ধ ছিল মিনিট দশেকের মতো। কিন্তু এই বিরতি ফেদেরারের ছন্দ ফেরাতে পারেনি। ৬-৪, ৬-৪ গেমে জিতে টানা তৃতীয়বারের মতো সাংহাই মাস্টার্সের ফাইনালে ওঠা মারের চোখে এখন হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন।
তাঁর এই স্বপ্নপূরণের পথে বাধা এখন নোভাক জোকোভিচ। অন্য সেমিফাইনালে যিনি ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন টমাস বার্ডিচকে। জোকোভিচের সঙ্গে সর্বশেষ দুই সাক্ষাতেই জয়ী মারে। অলিম্পিক সেমিফাইনালের পর ইউএস ওপেনের ফাইনালেও জোকোভিচকে হারিয়েই মারে জিতেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম। ৭৬ বছর পর ঘুচিয়েছেন ব্রিটিশদের গ্র্যান্ড স্লাম জয়ের তৃষ্ণা। ফেদেরারকে হারানোর বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আজকের ফাইনালেও মারেই ফেবারিট!