নিউইয়র্ক, ৮ অক্টোবর- নিউইয়র্কে বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ৭ অক্টোবর অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোসাইটি’র তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি ও সেক্রেটারী হলেন যথাক্রমে কামাল আহমেদ এবং আব্দুর রহিম হাওলাদার। সরাসরি দু’প্যানেলের এ নির্বাচনে ‘কামাল-রহিম’ প্যানেলের একজন বাদে সকলেই জয়ী হয়েছেন। বিজিত ‘জাহাঙ্গির-রফিক’ প্যানেলের সভাপতি ও সেক্রেটারী প্রার্থী ছিলেন যথাক্রমে এস এম জাহাঙ্গির এবং রফিকুল ইসলাম। এ প্যানেলের একমাত্র বিজয়ী হলেন ফারহানা চৌধুরী। তিনি নির্বাহী সদস্যা হলেন। মুক্তিযুদ্ধের চেতনা সুদূর এ প্রবাসে জাগ্রত রাখার সংকল্পে নিউইয়র্ক অঞ্চলের সর্বজনীন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন দু’বছর অন্তর অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি দায়িত্ব নেবে এম আজিজ এবং আতাউর রহমান সেলিমের কাছ থেকে। উল্লেখ্য, বিদায়ী কমিটির এ দু’কর্মকর্তাই বিজয়ী প্যানেলের পক্ষে ছিলেন এবং আতাউর রহমান সেলিম বিজয়ী প্যানেলের সহ-সভাপতি পদে পুনরায় জয়ী হলেন।
নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্র“কলীনে দুটি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গৃহিত হয় মেশিনে এবং কেন্দ্রের আশপাশে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বের প্রত্যাশা এবং ‘বাংলাদেশীদের মধ্যে সুদৃঢ় সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা’র শ্লোগানে ১৯ আসনে সরাসরি দুটি প্যানেলে এ নির্বাচন হয়। তালিকাভুক্ত ভোটারের সংখ্যা ৫২৯৩ হলেও নিউইয়র্ক অঞ্চলের ৩ লক্ষাধিক প্রবাসী এ নির্বাচনে জড়িয়ে পড়েন। উভয় প্যানেলেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতের সমর্থক থাকায় নির্বাচনী প্রচারণায় দলগত বিভাজনের কোন চিহ্ন ফুটে উঠেনি। এ নির্বাচনের কারণে গত দু’মাসে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি ছিল না বললেই চলে। উল্লেখ্য, নিউইয়র্কে পৌণে দু’শ সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক-পেশাগত সংগঠন থাকলেও এই সংগঠনকে সর্বজনীন মনে করা হয়। কম্যুনিটির সার্বিক কল্যাণে ইতিপূর্বেকার প্রার্থীরাও বিস্তর অঙ্গিকার করেছেন। কখনোই সে অঙ্গিকারের ২৫% পূরণ হয়নি। এবারও অনেক ওয়াদা দিয়েছেন প্রার্থীরা। বিজয়ীদের প্রধান শ্লোগান ছিল ‘আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী।’ এখন দেখা যাবে তারা কতটা নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।
৫ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নূরল হক কর্তৃক রেজাল্ট ঘোষণার পরই বিজয়ীরা রাতের অন্ধকার দূরে ঠেলে বিজয়োল্লাস করেন। নির্বাচন কমিশনের অপর সদস্যরা ছিলেন মোহাম্মদ হেলালউদ্দিন, মফিজুর রহমান, আজিমুর রহমান বোরহান এবং মোহাম্মদ শাহ আলম।
এদিকে বিজয়ী কমিটিতে প্রাণঢালা অভিনন্দন এবং বিজিতদের সাথে নিয়ে নিউইয়র্কের বাংলাদেশীদের সার্বিক কল্যাণে ঐব্যবদ্ধভাবে কাজের আহবান জানিয়েছেন বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল।