বড়পর্দায় উপস্থিতির পাশাপাশি চিত্রতারকা মৌসুমী বিশেষ দিবসের নাটকে অভিনয়ে নিয়মিত ছোটপর্দায় উপস্থিত থাকছেন। আসছে ঈদেও তেমনি একটি নাটকে তাকে দেখা যাবে। এ নাটকটি পরিচালনা করছেন মডেল, অভিনেতা, নাট্যপরিচালক ইশতিয়াক আহমেদ রোমেল। এ নাটকের মধ্যে দিয়েই প্রথমবারের মতো মৌসুমীকে নিয়ে নাটক নির্মাণ করছেন তিনি। আসছে সপ্তাহে ঢাকা ও এর আশপাশে নাটকটির দৃশ্যায়ন হবে বলে পরিচালক সূত্রে জানা যায়। নাটকের নাম এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে রোমেল বলেন, একজন নায়িকার গল্প নিয়ে নাটকটির গল্প গড়ে উঠেছে। এমনি চরিত্রে আমি মৌসুমীর বিকল্প পাইনি। তাই তাকে নিয়ে কাজটি করা। এছাড়া আমি মনে করি, এটা আমার জন্য পরম সৌভাগ্যের। তাই মৌসুমীর মতো বড়মাপের অভিনেত্রীকে পেয়ে আমি সেভাবেই গল্প গুছিয়েছি। এ নাটকে আরও কয়েকজন অভিনেতা অভিনয় করবেন তবে সেই নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না। এ বিষয়ে মৌসুমী বলেন, চ্যানেল নাইনের সঙ্গে আমার সম্পর্কটি মধুর। এ চ্যানেলটির শুরু থেকেই আমার সম্পৃক্ততা রয়েছে। তাছাড়া এ চ্যানেলের বর্তমানে চলতি ‘পাওয়ার ভয়েজ-২০১২’ এ আমি একজন বিচারকের দায়িত্ব পালন করছি। আর রোমেলের পরিচালনায় এ নাটকটি আসছে ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে।