টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন খেলবে বাংলাদেশ, তার অনেক কিছুই নির্ভর করছে দলের মূল খেলোয়াড়দের ওপর। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের দাবি দায়িত্বটা ঠিক ভাবেই পালন করতে পারবেন তিনি।
প্রস্তুতি সম্পর্কে বলছিলেন,‘আমি বিশ্বাস করি অনেক ভালো প্রস্তুতি আছে আমার। গত কয়েক মাসে ২০টিরও বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। আমি জানি কি করতে হবে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা হয়েছে। এই শ্রীলঙ্কাতেও খেলেছি। ভালো একটা অভিজ্ঞতা নিয়েই টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’
শুধু নিজের ওপর নয়, দলের ব্যাপারেও ভরসা আছে তামিমের,‘আমি খুব আশাবাদী। আমরা ভালো একটা জায়গায় অবস্থান করছি। অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে আমাদের। টিম স্পিরিট ভালো, প্রত্যেকে প্রত্যেককে সাহায্যও করছে। আমরা যদি মাঠে সেগুলো কাজে লাগাতে পারি ফল না পাওয়ার কোন কারণ নেই।’
টি-টোয়েন্টির গত দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের তাই অতীত রেকর্ড মনে করিয়ে দেওয়া হচ্ছে। যদিও তামিম কূটনৈতিক উত্তর দিয়েছেন,‘২০০৭ সালে প্রথম আসরে আমরা শীর্ষ আটে উঠেছিলাম। যদিও পরে প্রত্যাশা মতো হয়নি। কিন্তু এটা আরেকটি টুর্নামেন্ট এবং ভিন্ন দল।’
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের শুরু থেকে খেলেছেন তামিম ইকবাল। টি-টোয়েন্টির উইকেটে খেলে দারুণ অভিজ্ঞতা হয়েছে তার। বলছিলেন,‘আমি মনে করি এই টুর্নামেন্টে খেলে আমার আত্মবিশ্বা বেড়েছে। আমার সতীর্থদের মধ্যে যারা এই র্টুর্নামেন্টে খেলেছে তাদেরও। শ্রীলঙ্কায় আমাদের ভালো অভিজ্ঞতা আছে। ভালো একটি টুর্নামেন্ট হয়েছে এবং আমার অভিজ্ঞতায় খুশি।’