৩ সেপ্টেম্বর ২০১০। মুম্বইয়ের ইসকন মন্দিরে একেবারই ‘অ’বলিউডি স্টাইলে গাঁটছড়া বেঁধেছিলেন রণবীর শোরে-কঙ্কনা সেন শর্মা। কেতাদুরস্ত বিগ বাজেট বলিউডি ছবি থেকে দূরে থাকা এই হটকে জুটি নিজস্ব জায়গা করেছিলেন বলিউডে। তবে এবার বোধহয় ভাঙতে চলেছে এই জুটি।
জল্পনাটা দানা বাঁধছিল কয়েকমাস আগে থেকেই। গত মে মাসে একটি ছবির স্ক্রিনিংয়ে আলাদা আলদা গেছিলেন রণবীর-কঙ্কনা। তাঁরা বসেনও প্রায় এক মাইল দূরত্বে। একটিমাত্রও বাক্য বিনিময় না করেই কাটিয়ে দেন সারা সন্ধে। এমনকি বাড়িও ফিরেছিলেন আলাদা। তারপর থেকেই কানঘুষো চলছিল তারা নাকি এখন আর এক ছাদের তলায়ও থকছেন না। তবে কঙ্কনা এই বিষয়ে সাংবাদিকদের এড়িয়ে গেলেও রণবীরের স্পষ্ট জবাব ছিল, “আমরা কোনো কনজয়েন্ড টুইনস নই যে সবসময়ে একসঙ্গে জুড়ে থাকতে হবে!”
হাল ছেড়ে দিয়েছেন রণবীর-কঙ্কনার ঘনিষ্ঠ বন্ধুরাও। তাদের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে কোকো নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করতে চলেছেন। কোকোর এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে খবর, রণবীরের সঙ্গে তার প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর অনেক চেষ্টা করেছিলেন কোকো। কিন্তু চক আর চিজ কোনোভাবেই মেলানো যায় না। এক ছদের তলায় না থাকা পর্যন্ত দুজন দুজনকে চেনা যায় না।
২০০৭ সালে সম্পর্কের সূত্রপাত কোন-রণবীরের। বহুবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েও প্রায় তিন বছর ঝুলিয়ে রেখেছিলেন তারা। শেষপর্যন্ত ২০১০-এ বিয়ে করেন তারা। বিয়ের পরই মালাড-এ নতুন ফ্ল্যাট কেনেন কোকো। প্রথম সন্তানও আসে তাদের জীবনে। বরাবরই টিনসেল টাউনের চাকচিক্যর আড়ালে থাকা কোকো-রণবীরের সম্পর্ক যথেষ্ট মজবুত বলেই এতোদিন ধারণা ছিল সকলের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সম্পর্কও হয়তো দীর্ঘস্থায়ী হলো না।