গড় রেটিং: 1.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 2012-08-27 10:07:20
|
কানেকটিকাটে বেলাল খুনীরা ৩৬ ঘণ্টাও ধরা পড়েনি
লাবলু আনসার
দোকানে কর্মরত অবস্থায় দৃর্বৃত্তের গুলিতে নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা লুৎফর তরফদার ওরফে বেলাল তরফদারের (৪৭) ঘাতকেরা ৩৬ ঘণ্টাও গ্রেফতার হয়নি। এ নিয়ে কম্যুনিটিতে ক্ষোভের সঞ্চার হয়েছে।
নিউইয়র্কের পার্শ্ববর্তি কানেকটিকাট অঙ্গরাজ্যে ইস্ট হার্টফোর্ডে শনিবার দিবাগত রাত ১১টার পর তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
কারণ, একজন গ্রাহক ঐ দোকানে প্রবেশ করে মেঝেতে বেলাল তরফদারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে ফোন করেছিলেন।
এদিকে, বেলাল তরফদারের নিহত হবার সংবাদ জানার পরই নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বেশ কজন কর্মকর্তা কানেকটিকাটে ম্যানচেস্টারে গিয়ে তার স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
মৌলভীবাজার জেলা সদরের সন্তান বেলাল তরফদার দীর্ঘদিন নিউইয়র্কে বাস করতেন। ৩ বছর আগে তিনি পাড়ি জমান কানেকটিকাটে। সেখানেও তার ভাল লাগছিল না বলে সামনের মাসেই নিউইয়র্কে ফেরার পরিকল্পনা ছিল।
এ তথ্য জানান আ’লীগ সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ। বেলাল তরফদারের ঘাতকদের গ্রেফতারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে বলে কানেকটিকাটের পুলিশ কর্মকর্তা লে, রিকার্ডো সটো ২৭ আগস্ট এ সংবাদদাতাকে জানান।
তিনি আরো বলেন, বেলাল তরফদারের বুকে গুলি লেগেছিল। তিনি কাজ করছিলেন ইস্ট হার্টফোর্ডে ১০৮৪ বার্নসাইড অ্যাভিনিউতে সার্কেল এইচ ফুড মার্টে। রাত ১১টায় একটি টেলিফোন পেয়ে কর্তব্যরত পুলিশের দল সেখানে পৌঁছে বলেও উল্লেখ করেন এই অফিসার।
রোববার সকালেই বেলাল তরফদারের আত্মীয়-স্বজন এবং শোকার্ত পরিবারের সদস্যরা ঐ দোকানের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানান।
পুলিশ কর্মকর্তা আরো উল্লেখ করেন, অনুর্থ ৩০ বছর বয়েসী একটি যুবক হান্ডগান দিয়ে তাকে হত্যা করেছে। এর পর দোকানের ক্যাশ বাক্স থেকে বেশ কিছু ডলারও নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।
ছিনতাইয়ের জন্যেই বেলাল তরফদারকে হত্যা করা হয়েছে বলে পুলিশ মনে করছে। দুর্বৃত্তের সন্ধান অথবা অন্য কোন তথ্য দিতে চাইলে ৮৬০-২৮৯-৯১৩৪ নম্বরে কানেকটিকাট পুলিশের সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে।
এদিকে ২৭ আগস্ট সোমবার অপরাহ্নে বেলাল তরফদারের লাশ নিউইয়র্কের লংআইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল গোরস্তানে দাফনের কথা।