গড় রেটিং: 5.0/5 (1 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 0000-00-00 00:00:00
|
আগামীকাল শেষ হচ্ছে সিটি আইটি মেলা
নানা আয়োজনের মাধ্যমে চলছে ঢাকার আগারগাঁওয়ে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ভবনের বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১-১২’। মেলার প্রথম দিন থেকেই মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শন করা হচ্ছিল। তবে শুক্রবার থেকে ছবি প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে কম্পিউটার সিটির তৃতীয় তলায় টেরাসে প্রতিদিন তিনটি করে মুক্তিযুদ্ধের ওপর ছবি প্রদর্শন করা হচ্ছিল। এর মধ্যে দুটি সবার জন্য উন্মুক্ত থাকলেও প্রতিদিন বিকেল চারটায় ২০ টাকা টিকিটে প্রদর্শন করা হচ্ছিল মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। হঠাৎ করে এ প্রদর্শনী বন্ধ করে দেওয়ার বিষয়ে মেলার আহ্বায়ক কাজী সামছুদ্দিন আহমেদ বলেন, ‘আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া ও কিছু কারিগরি সমস্যার কারণে ছবি প্রদর্শনী বন্ধ করা হয়েছে।’ এ ব্যাপারে আইডিবি কর্তৃপক্ষ জানায়, ‘মেলায় প্রবেশের জন্য একটা মূল্য আছে, তার ওপর ছবি দেখার জন্য ২০ টাকার নেওয়া হচ্ছিল। তাই আমরা এ ব্যাপারে মেলা কর্তৃপক্ষকে জানিয়েছি।’ এ ছাড়া গতকাল মেলায় দেখা গেছে, দর্শকদের আগ্রহ শুধু নির্দিষ্ট প্রযুক্তি-পণ্যই নয়, রয়েছে বিভিন্ন ধরনের শৌখিন প্রযুক্তি-পণ্যের ওপরও। ল্যাপটপ, এলসিডি ও এলইডি মনিটর, ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি রয়েছে ডিজিটাল জীবনের আনুষঙ্গিক যন্ত্র ডিজিটাল ক্যামেরার চাহিদাও। আগামীকাল এ মেলা শেষ হবে।
মেলা উপলক্ষে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী সেরা ছবিগুলো মেলার দ্বিতীয় তলায় অবস্থিত সিটি আইটি অফিসে দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা, তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশের টিকিটের ওপর থাকছে র্যাফল ড্র।