গড় রেটিং: 1.8/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)
|
|
|
|
|
Update : 0000-00-00 00:00:00
|
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপিত
১৬ ডিসেম্বর, ২০১১
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে শুক্রবার যথাযথ মর্যাদা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দুবাই কনস্যুলেটের ভাইস কনসাল নাসরিন জাহান লিপির পাঠানো ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিন সকাল নয়টায় দুবাই প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে কনসাল জেনারেল মো. আবু জাফর জাতীয় পতাকা উত্তোলন করেন।
কনস্যুলেট প্রাঙ্গনে দিবসের তাৎপর্য-নির্ভর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটিতে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী সেখানে প্রবাসীদের পাঠ করে শোনানো হয়।
এরপর বিজয় দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে প্রবাসী বিশিষ্টরা বক্তব্য রাখেন।
কনসাল জেনারেল মো. আবু জাফর তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হয়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিজেদেরকে নিবেদিত করার আহবান জানান।
তিনি বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচীর বর্ণনা দিয়ে প্রবাসীদের বলেন, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসীদের নিজনিজ অবস্থানে থেকে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আমিরাতের রাস আল খাইমাতে অবস্থিত বাংলাদেশ ইসলামিয়া স্কুলের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের মধ্যে বিজয় দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরব গাঁথা বিষয়ক চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এদিকে বিজয় দিবসের ৪০তম বার্ষিকীর প্রাক্কালে ১৫ ডিসেম্বর রাতে কনসাল জেনারেলের রাষ্ট্রীয় বাসভবনে দুবাইস্থ অন্যান্য দেশের কনসাল জেনারেলদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর ওপর প্রদর্শিত দুইটি তথ্যচিত্র উপভোগ করেন।