ঢাকা, ২৭ অক্টোবর- ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবার মনে রাখতে হবে, কে কতটা ত্যাগ স্বীকার করতে পারি, এটাই বড় কথা। ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে দেশ ও জাতির কল্যাণ করতে পারি।’
এবার ঈদ আয়োজন ভালো ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কম ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। চাঁদাবাজি ছিল না। যোগাযোগব্যবস্থা ভালো ছিল। তাই লোকজন বাড়ি পৌঁছাতে পেরেছে। মূলত সবকিছু ঠিকভাবে সম্পন্ন করতে সরকারের প্রচেষ্টা ছিল। ভবিষ্যতে এ সরকার এই পরিবেশ আরও ভালো করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ হাসিনা বলেন, মহাজোট সরকার আসার আগের ঈদের সঙ্গে বর্তমান সময়ের ঈদের পরিস্থিতির তুলনা করলে বোঝা যায়, এ সরকার কতটা ভালো কাজ করেছে। এ সময় তিনি চাঁদাবাজির কথা উল্লেখ করে বলেন, চারদলীয় জোট সরকারের সময় গরুর হাটে গুলিতে ব্যবসায়ী, এমনকি গরুও মারা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এবার প্রচুর কেনাকাটা হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এ সরকারের সময় সরকারি ও বেসরকারিভাবে ৭৮ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। খাদ্য ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে।
গণমাধ্যমকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ভুল যেমন ধরবেন, তেমনি ভালো কাজটার কথাও বলবেন।
সকাল নয়টায় আওয়ামী লীগের কার্যনির্বাহীর কমিটির পক্ষ থেকে প্রথমে শেখ হাসিনাকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, আমলা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আজ গণভবন সর্ব সাধারণের জন্য উন্মুক্ত ছিল।
শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসের আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, দীপু মনি, মাহবুবুল আলম হানিফ প্রমুখ।