২৬ আক্টোবর শুক্রবার উত্তর আমেরিকায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে কানাডা ও আমেরিকার বিভিন্ন মসজিদ ও সংগঠন ঈদের নামাজের আয়োজন করেছে। কানাডার টরন্টো, মনট্রিয়ল সহ বিভিন্ন শহরে বাঙালি ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদগুলোতে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। টরন্টোর বায়তুল আমান মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে যদি আবহাওয়া ভাল থাকে তাহলে তারা মসজিদের বিশাল আঙিনায় নামাজের ব্যবস্থা করবেন। এদিকে, যুক্তরাষ্ট্রে শুক্রবার ঈদ-উল-আযাহার জামাতের জন্য আড়াই হাজার মসজিদে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা, মুসলিম আমেরিকান সোসাইটি ও কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সসহ মুসলমানদের বিভিন্ন সংগঠন থেকে জানানো হয়, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মিশিগান, ওয়াশিংটন, টেক্সাস, অরেগন, ফ্লোরিডা, ওয়াশিংটন, নিউজার্সি, পেনসলিভেনিয়া, ম্যাসেচুসেট্স, ইলিনয়, ওহাইয়ো, ক্যানসাস, কানেকটিকাট প্রভৃতি অঙ্গরাজ্যে আড়াই হাজারের বেশি মসজিদের ব্যবস্থাপনায় প্রায় ৫ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক অঞ্চলে বাংলাদেশিদের বড় ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হবে জ্যামাইকার মুসলিম সেন্টার, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার এবং ম্যানহাটানে মদিনা মসজিদ, শাহজালাল মসজিদ ও গাউসিয়া মসজিদের ব্যস্থাপনায়। বেশ কয়েকটি স্থানে প্রকাশ্য ময়দান অথবা প্রশস্ত রাস্তার ওপর জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও সংস্থাগুলো জানিয়েছে।
ঈদ উপলক্ষে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করার মতো। ঈদের নতুন পোশাক-আশাক কেনাকাটার সাথে অনেকেই বিভিন্ন গ্রোসারি দোকানের মাধ্যমে ধর্মীয় পদ্ধতিতে কোরবানীর ব্যবস্থা করেছেন।
ঈদ উপলক্ষে দেশে বিদেশের পাঠকদের প্রতি রইলো আমাদের শুভেচ্ছা। ঈদ মোবারক।