নিউ ইয়র্ক, ২৫ অক্টোবর- আলোচিত কিশোরী মালালা ইউসুফজাইকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক 'কংগ্রেশনাল গোল্ড মেডেল' দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির এক জন জ্যেষ্ঠ কংগ্রেস সদস্য। মার্কিন কংগ্রেসে পাকিস্তান ককাসের প্রধান সেইলা জ্যাকসন লি বুধবার কংগ্রেস সদস্যদের মধ্যে এ প্রস্তাব সম্বলিত একটি চিঠি বিলি করেন। টেঙ্াস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান লি ঐ চিঠিতে লেখেন, মালালা পাকিস্তানসহ বিশ্বের নারীদের আশার প্রতীক। সে নিজের জীবনের আশঙ্কা তুচ্ছ করে অধিকার আদায়ে তালেবানের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
এদিকে, মালালাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও জাতিসংঘের শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি। নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে করা জোলির অনলাইন আবেদনে সমর্থন করেছেন কয়েক হাজার মানুষ। জোলি বলেন, "যে তালেবানদের বিরুদ্ধে অন্যেরা কথা বলার সাহস পায় না, সেখানে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মালালা।" নারী শিক্ষা বিস্তার ও তালেবান বিরোধী কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে গত ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকার মিংগোরা শহরে স্কুলবাসে উঠে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। সারা বিশ্বের কোটি মানুষের প্রার্থনা ও ভালবাসায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন সময়ের সাহসী কিশোরি মালালা ইউসুফজাই।