কোম্পানি আইন সংশোধন নিয়ে উদ্বেগ কাটাতে সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে।
আর এ ব্যাপারে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এ বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইমলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
আশরাফ বলেন, “ব্যবাসীয়রা যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটা থাকবে না। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে দ্রুত আলোচনার জন্য আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব। মন্ত্রী পরিষদ এবং সংসদে আলোচনা হবে। এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না।”
তিনি বলেন, “সভাপতিমণ্ডলীর সভায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি একেএম বদরুদ্দোজা চৌধুরীর ফ্রন্ট করার উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তাদের এ উদ্যোগ শুভ হলে আমরা স্বাগত জানাবো। কিন্তু যদি ওয়ান ইলেভেনের মতো আরেকটি পরিস্থিতি তৈরির জন্য ওই ধরনের সরকার আনার উদ্যোগ হয়, তাহলে জাতি সেটা প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।”
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।