মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আবারও নতুন করে জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে সংঘর্ষে সোমবার তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া।
পাশাপাশি রাখাইন রাজ্যের প্রধান বিচারপতি হা থেন ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা খবর পেয়েছি সোমবার পানডেনকোন গ্রামে উভয় পক্ষের সংঘর্ষে একজন রাখাইন পুরুষ ও দুই রোহিঙ্গা নারী প্রাণ হারিয়েছেন।”
এ সময় তিন শতাধিক ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। পাশাপাশি দুই সম্প্রদায় অধ্যুষিত দুটি গ্রামের অধিবাসীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
গত জুন মাসে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত শতাধিক লোক নিহত হওয়ার পাওয়া গেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার লোক।
সহিংসতার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মুসলিম এবং দশ হাজার বৌদ্ধ এ ঘটনায় বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
নাগরিকত্বের স্বীকৃতিবিহীন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্বের সবচেয়ে অবহেলিত ও দুর্দশাগ্রস্ত সংখ্যালঘু গোষ্ঠী।
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশের নাগরিক হিসেবে শিকার করে না। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও ন্যুনতম সরকারি সেবামূলক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের।